মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি মুজিব আলীর লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের চাতলাপুর চেকপোস্টে বিজিবি-বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশি পুলিশের কাছে লাশ হস্তান্তর করে ভারতীয় পুলিশ। এসময় বিজিবি পুলিশের পাশাপাশি নিহত মুজিবুর রহমানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিব আলী নিহত হন।
পরিবারের দাবি, মুজিব আলী মাছ শিকারের জন্য বিকেলে গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় খবর আসে বিএসএফ গুলি করে হত্যা করেছে। তবে স্থানীয়রা জানান, মুজিব আলী দীর্ঘদিন ধরে চোরাকারবারির সাথে জড়িত। চোরাই মাল আনার জন্য সে ভারতে প্রবেশ করে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএসএফ নিহত মুজিবের মরদেহ হস্তান্তর করেছে। লাশ গ্রহণের সময় বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।