মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার রামপাশা গ্রামে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ৩ শতাধিক গাছের চারা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাজিদ মিয়া ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী উস্তার মিয়া (৬০)।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপাশা গ্রামে উস্তার মিয়ার নিজস্ব বলে দাবি করা জায়গায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে উস্তার মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী সাজিদ মিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উস্তার মিয়া বাড়িতে না থাকার সুযোগে সাজিদ মিয়াসহ কয়েকজন দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর জায়গায় প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়।
এ সময় সেখানে রোপণ করা বিভিন্ন প্রজাতির ৫ শতাধিক গাছের চারার মধ্যে ৩ শতাধিক চারা কেটে ফেলা ও বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন উস্তার মিয়া। তাঁর দাবি, গাছ কাটার সময় পরিবারের সদস্যরা বাধা দিলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্তরা জায়গাটি দখলে নিয়ে সেখানে খেলার মাঠ করার কথা বলেন বলেও অভিযোগ করেন তিনি।
উস্তার মিয়া বলেন, “জায়গাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার আমার অনুপস্থিতিতে তারা এসে দা ও লাঠিসোঁটা দিয়ে আমার লাগানো গাছের চারা কেটে ফেলেছে। পরিবারের লোকজন বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়। এতে আমার প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো সমাধান হয়নি। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।”
এ ঘটনায় উস্তার মিয়া কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে সাজিদ মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “রামপাশা গ্রামে গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”