মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলায় আপস না করায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের গাড়িতে আগুন দিয়ে স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তাসলিমা আক্তার শিপা নামের এক নারী।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তাসলিমা আক্তারের জা নুরুন নাহার লুবনা, বড় ননদ রুনা বেগম ও নিহত রোজিনা বেগমের ছেলে রেজোয়ান তাওয়াফ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বছরের ২৬ মে সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভসানীগাঁও এলাকায় তাঁদের ভোগদখলীয় কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ চলছিল। এতে প্রতিবাদ করলে স্থানীয় আব্দুর রহিম, তাঁর ছেলে রেজাউল করিম সাগরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।
তাসলিমার দাবি, ওই হামলায় জাহিদুল ইসলাম, রোকসানা বেগমসহ চারজন গুরুতর আহত হন। পরে আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহত রোজিনা বেগমের স্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, মামলার আসামিরা কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে মামলা আপস করে নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ ও হুমকি দিয়ে আসছেন। তাঁদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১২ নভেম্বর দিবাগত রাতে আসামিপক্ষ নিজেদের বাড়িতে একটি পুরোনো গাড়ি এনে তাতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ করেন তাসলিমা। এরপর তাঁর স্বামী, দেবরসহ আত্মীয়স্বজনকে ওই ঘটনায় জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তাসলিমা আক্তার বলেন, গাড়িতে আগুন দেওয়ার সময় তাঁর স্বামী ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জ এলাকায় অবস্থান করছিলেন। এ অবস্থায় তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ঘটনায় জড়ানোর চেষ্টা উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
তবে গাড়িতে আগুন দেওয়ার ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি। আব্দুর রহিমসহ সংশ্লিষ্টদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি।
এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে কেউ ঘটনার সঙ্গে জড়িত না থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে।
পুলিশ জানিয়েছে, গাড়ি পোড়ানোর ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত এবং অভিযোগের সত্যতা কতটুকু, তা যাচাই করা হচ্ছে। একই সঙ্গে হত্যা মামলাটির বিষয়েও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।