রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার

রিপোটার : / ৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্ন করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ও কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আব্দুল আহাদ পতনঊষার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

লিখিত বক্তব্যে আব্দুল আহাদ অভিযোগ করেন, পূর্বশত্রুতা ও হিংসাত্মক মনোভাব থেকে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে সামাজিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।

তিনি জানান, সম্প্রতি তিনি কমলগঞ্জের লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন সাবেক ব্যবসায়ী মাজু মিয়া। রিসোর্টে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভের পরিপ্রেক্ষিতে মালিকপক্ষ মাজু মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় বলে দাবি করেন তিনি। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর মাজু মিয়া রিসোর্টের ব্যবসা ছেড়ে চলে যান।

আব্দুল আহাদ বলেন, গত ১ অক্টোবর থেকে তিনি রিসোর্ট ও পার্টি সেন্টারের দায়িত্ব গ্রহণ করে নিয়মমাফিক ও সুষ্ঠুভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এর মধ্যে মাজু মিয়ার কাছে ব্যবসায়িক অংশীদারত্বের পাওনা টাকার হিসাব চাইলে তিনি কৌশলে ফোনালাপ রেকর্ড করেন। পরে ওই কথোপকথন বিকৃত ও অসম্পূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন আব্দুল আহাদ।

এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল আহাদ এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লন্ডন রিসোর্ট অ্যান্ড পার্টি সেন্টারের ম্যানেজার এম. আনোয়ার মাহমুদ।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার অভিযুক্ত মাজু মিয়ার মোঠোফোনে কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায় নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর