শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি

কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধি; / ৩১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বসতবাড়িতে যাতায়াতের রাস্তা দখলচেষ্টা, চলাচলে বাধা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় লিলি বেগম ও মহব্বত মিয়াসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে অভিযুক্ত করে নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দিয়েছেন হিমাংশু শর্মা (৩৯)। তবে অভিযুক্ত পক্ষের দাবি, তাঁরা নিজেদের জায়গা দিয়ে চলাচল করছেন; দখলচেষ্টা ও হামলার অভিযোগ মিথ্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মতুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী হিমাংশু শর্মার দাবি, লিলি বেগম (৪৪) ও মহব্বত মিয়া (২৮) কয়েকজনকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে যাতায়াতের রাস্তায় নেটের বেড়া দিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। একই সঙ্গে তাঁদের ব্যবহৃত রাস্তা দখলের চেষ্টা করা হয়। এতে বাধা দিলে তাঁকে ও ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

হিমাংশু শর্মা বলেন, ‘আমার পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আমাদের চলাচলের পথ নিশ্চিত করা এবং পরিবারের নিরাপত্তায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

স্থানীয় কয়েকজন বাসিন্দাও হিমাংশু শর্মার পরিবারের সঙ্গে বিরোধের বিষয়টি তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের অভিযোগ, হিমাংশু শর্মার পরিবারের সদস্যদের সঙ্গে অন্যায়ভাবে বিরোধ সৃষ্টি করে তাঁদের চলাচল ও জায়গাজমি নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে। মহব্বত মিয়া ও লিলি বেগমের ছেলে কামাল মিয়ার বিরুদ্ধে হামলা ও জায়গা দখলের চেষ্টার অভিযোগও করেন তাঁরা। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুরব্বি মো. কামাল হোসেন বলেন, “হিমাংশু শর্মার পরিবার দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে। পাকিস্তান আমল থেকেই তারা এ এলাকায় রয়েছে। এখন লিলি বেগমের ছেলে ও মহব্বত মিয়া তাঁদের রাস্তা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন বলে। আজ থেকে তাঁদের পূজা শুরু, এমন সময়ে এ ধরনের ঘটনা দুঃখজনক। প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষের সদস্যরা। লিলি বেগমের ছেলে শাকিল আহমেদ ও মহব্বত মিয়া বলেন, “আমরা আমাদের জায়গা দিয়ে চলাচল করছি। অথচ তাঁরা বলছেন, আমরা জায়গা দখল করছি। নিজেদের জায়গা আমরা কেন দখল করব? তাঁদের ওপর আমরা কোনো হামলাও করিনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর