মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

কমলগঞ্জে হৃদয় হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৫৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আবু বক্কর ওরফে হৃদয় (২৫) নামের এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে হৃদয়কে তাঁর মুঠোফোনে কল করে ডেকে নেন তাঁরই বন্ধু সালমান মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২) ও আরমান মিয়া (২১)। এরপর থেকে হৃদয়ের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এবং তিনি বাড়িতেও ফেরেননি। পরবর্তীতে ওই দিন রাত ৮টার দিকে পরিবারের কাছে খবর আসে, হৃদয় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে আছেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে ছুটে গিয়ে দেখেন হৃদয়ের নিথর দেহ পড়ে আছে।

হৃদয়ের স্ত্রী শারমিন আক্তার বলেন, ‘আমার স্বামীকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়নি, পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আমরা এর বিচার চাই।’

মানববন্ধনে কান্নায় ভেঙে পড়ে হৃদয়ের বাবা ইউসুফ আলী অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। ঘাতকরা আমার বুক খালি করেছে। আমি প্রশাসনের কাছে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং খুনিদের শাস্তি চাই।’

মানববন্ধনে বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মানিক মিয়া, আমির হোসেন, রিপন মিয়া ও মো. রুমন মিয়া। তারা বলেন, বন্ধুদের ডাকে গিয়ে হৃদয়ের মরদেহ এভাবে ফিরে আসা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার পর থেকেই অভিযুক্তদের আচরণ রহস্যজনক। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন জানান, ‘পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর