মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভায় পৌর সভার উদ্যোগে এলাকার ৯টি ওয়ার্ডের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন বিশিষ্ট কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে কার্যক্রমকে আরও তাৎপর্যমণ্ডিত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, পৌর যুবদলের সদস্য সচিব মীর খালেদসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানা গেছে, ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নিম্নআয়ের মানুষের জীবনযাপন কঠিন হয়ে উঠছে, ঠিক তখনই এই ধরনের উদ্যোগ তাদের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রতিটি ওয়ার্ড থেকে বাছাইকৃত প্রকৃত অসহায় পরিবারগুলোর মাঝে সুষ্ঠুভাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে কেউ বঞ্চিত না থাকে।
কর্মসূচিতে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এটি কেবল সামাজিক দায়বদ্ধতা নয়, বরং নৈতিক কর্তব্যও। তারা আরও উল্লেখ করেন, এমন উদ্যোগ সামাজিক বন্ধনকে দৃঢ় করে এবং মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখে।

তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী তার বক্তব্যে বলেন, ‘মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই কমলগঞ্জ পৌরসভার এ আয়োজন। আমরা চাই, সমাজের প্রতিটি মানুষ ন্যূনতম নিরাপত্তা ও সম্মানের সাথে জীবনযাপন করুক।’
পৌর বিএনপির নেতৃবৃন্দও ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সহায়তামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, শুধুমাত্র খাদ্য সহায়তা নয়, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান ক্ষেত্রেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম নিয়মিত হলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাজে সহমর্মিতা ও মানবিকতার চর্চা বাড়াতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনুকরণীয় হয়ে থাকবে—এমনটাই মনে করছেন সচেতন মহল।