শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

অমর হয়েই থাকবেন সালমান শাহ

অনলাইন ডেস্ক / ১৪০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
ফাইল ছবি

দেশীয় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। অকাল প্রয়াত এই জনপ্রিয় তারকার আজ ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৬ সালের এই দিনে ৬ সেপ্টেম্বর চলচ্চিত্র পরিবার ও সিনেমাপ্রেমিকে হতবাক করে আকস্মিকভাবে পরপারে পাড়ি জমান তিনি। যদিও তার চলে যাওয়া স্বাভাবিক নাকি অপমৃত্যু- এ নিয়ে এখনও সংশয় রয়েছে ভক্তদের মনে। এই অভিনেতার প্রয়াণ দিবস এলেই সিলেট শহরের দাড়িয়া পাড়ার নানার বাসাতে সালমান ভক্তদের ভিড় জমে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সালমান শাহর মৃত্যুর পর বাসাটির নাম রাখা হয়েছে ‘সালমান শাহ হাউস’। এখানেই কেটেছে সালমানের ছোটবেলার সেই দুরন্ত সময়।

বাংলাদেশের সিনেমার ইতিহাস সৃষ্টিকারী নায়ক সালমান শাহর চলে যাওয়ার এত বছর পরেও তার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। এখনও টিভি পর্দায় তার সিনেমা প্রচার হলে দর্শক আগ্রহ নিয়ে দেখেন। তার অভিনীত সিনেমার গান টিভিতে প্রচার হলে তা দর্শক এড়িয়ে যেতে পারেন না। এমনও দেখা গেছে, পাশাপাশি দুটি চ্যানেলের একটিতে নতুন কোনো সিনেমা প্রচার হচ্ছে আবার অন্যটিতে সালমান শাহর সিনেমা প্রচার হচ্ছে, দর্শক তখন সালমান শাহর সিনেমাতেই স্থির থেকেছেন। সিনেমায় সালমানের বিপরীতে কে আছেন- সেটা জরুরি না দর্শকের কাছে। ভিন্নমাত্রা ও দুর্দান্ত অভিনয় দিয়েই আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছেন ফ্যাশন সচেতন এই তারকা।

সালমান শাহর জন্ম ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক ‘পাথর সময়’-এ একটি চরিত্রে অভিনয়ের মাধ্যমে সালমান শাহর অভিনয় জীবন শুরু হয়। ওই নাটকের কেন্দ্রীয় চরিত্রে তৌকীর আহমেদ অভিনয় করলেও সালমান শাহর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে আরও বেশকিছু নাটকে অভিনয় করেও দারুণ প্রশংসিত হয়েছিলেন সালমান। সিনেমার পাশাপাশি নাটকেও তার উপস্থিতি দর্শকের মধ্যে ভীষণ সাড়া ফেলেছিল।

আর চলচ্চিত্রে অভিষেকেই বাজিমাত করেন চিরসবুজ এই নায়ক। চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে বহুল আলোচিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সিনেমাতে সালমানের অভিষেক হয়। পরবর্তীতে মৌসুমীর সঙ্গে আরও দুটি সিনেমা ‘স্নেহ’, ‘অন্তরে অন্তরে’তে অভিনয় করলেও আর কোনো সিনেমাতে তাদের দেখা যায়নি। এরপর আরেক জনপ্রিয় নায়িকা শাবনূরের সঙ্গেই জুটি করে তোলেন তিনি। সালমান শাহর সঙ্গে জুটি হয়ে আরও অভিনয় করেছিলেন শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চি।

সালমানের মৃত্যুর ২৮ বছরের মধ্যে সিনেমাতে অনেক নায়কের আবির্ভাব ঘটেছে। কিন্তু অভিনয় আর ফ্যাশন দিয়ে আর কোনো নায়ক আজ পর্যন্ত সালমান শাহর জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি। অনেক চলচ্চিত্র প্রযোজক পরিচালকের ভাষ্যমতে সালমান শাহ ছিলেন ধূমকেতুর মতো, এলেন দেখলেন জয় করলেন আবার চলেও গেলেন। কোনো নায়কের মৃত্যুর এত বছর পরেও ভক্তদের হৃদয়ে এতটা ভালোবাসা নিয়ে বেঁচে থাকার দৃষ্টান্ত পৃথিবীর চলচ্চিত্র ইতিহাসে কমই আছে। যে সময়টাতে সালমান মৃত্যুবরণ করেছেন, সেই সময়টাতে যারা ছোট ছিলেন, তাদের কাছেও ছোটবেলার গল্পের বিষয় ছিলেন সালমান শাহ।

আজও তারা মনে মনে প্রত্যাশা করেন, ইস! যদি একবার ফিরে আসতেন সালমান শাহ। কিন্তু মৃত্যুই সত্য। এখান থেকে ফিরে আসার কোনো পদ্ধতি নেই। কিন্তু একজন সত্যিকারের তারকার কখনো মৃত্যু হয় না। অনন্তকাল ধরে দেশের চলচ্চিত্র ও দর্শকের মাঝে বেঁচে থাকবেন তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর