বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

আবারও হাসপাতালে খতনার সময় শিশুর মৃত্যু 

প্রতিদিনের মৌলভীবাজার / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

রাজধানীর বাড্ডার সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনার পর পাঁচ বছর বয়সী শিশু আয়ানের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও একই ঘটনায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে খতনা করার সময় চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় করা মামলায় দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মারা যাওয়া শিশুর নাম আহনাফ তাহমিদ (১০)। বাবার নাম ফখরুল আলম। শিশুটি মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে।

তাহমিদের মৃত্যুর ঘটনায় গতকাল রাতেই দুই চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মোক্তাদির হোসেন ও মাহবুব হোসেন।

পুলিশের তথ্যমতে, মোক্তাদির জে এস হাসপাতালের মালিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অর্থোপেডিক সার্জন। মাহবুব একই হাসপাতালের অবেদনবিদ্যা (অ্যানেসথেসিওলজি) বিভাগের চিকিৎসক।

আজ বুধবার সকালে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, শিশুটির বাবা গতকাল রাতে একটি মামলা করেন। চিকিৎসকের অবহেলায় তাঁর সন্তানের মৃত্যুর অভিযোগ করেছেন তিনি। হাতিরঝিল থানায় করা এ মামলায় হাসপাতালটির মালিক মোক্তাদির, অবেদনবিদ মাহবুব ও অস্ত্রোপচারবিশেষজ্ঞ ইশতিয়াক আজাদকে আসামি করা হয়েছে। মোক্তাদির ও মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর ইশতিয়াক পালিয়ে গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা তিন আসামির কারও বক্তব্য পাওয়া যায়নি।

স্বজন ও পুলিশ সূত্র বলছে, গতকাল রাত সাড়ে সাতটার দিকে ফখরুল ও তাঁর স্ত্রী খায়রুন নাহার তাঁদের বড় সন্তান তাহমিদকে খতনা করাতে জে এস হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা শিশুটিকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে অবেদন (অ্যানেসথেসিয়া) করে তার খতনা করেন। কিন্তু শিশুটির আর জ্ঞান ফিরে আসেনি। রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর