মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে চলে আসা জমিসংক্রান্ত বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় ও সামাজিক মুরব্বিদের পাশাপাশি কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিনের উদ্যোগ ও প্রশাসনিক হস্তক্ষেপে বিরোধটির সুরাহা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও ৭-৮টি বৈঠকের পরও কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। এতে দুই পক্ষের মধ্যে বিরোধ ক্রমেই জটিল হয়ে ওঠে।

পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে স্থানীয় ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয়-সামাজিক মুরব্বিদের সমন্বয়ে পুনরায় আলোচনা শুরু হয়। এ সময় কমলগঞ্জ থানার ওসি কমর উদ্দিন প্রশাসনিকভাবে বিষয়টি দেখভাল করেন। দীর্ঘ আলোচনা ও উভয় পক্ষের বক্তব্য শোনার পর ইসলাম ও কদর মিয়ার মধ্যস্থতায় বিরোধের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো সম্ভব হয়।
সমঝোতা বৈঠকে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁরা উভয় পক্ষকে বিরোধপূর্ণ বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

স্থানীয় এক মুরব্বি বলেন, জমি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। কয়েক দফা বৈঠক করেও সমাধান হয়নি। শেষ পর্যন্ত স্থানীয় মুরব্বি ও প্রশাসনের সহযোগিতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় আমরা সন্তুষ্ট। এতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য বলেন, বিরোধ দীর্ঘায়িত হলে দুই পক্ষের মধ্যে দূরত্ব বাড়ার পাশাপাশি সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় এটি এলাকার জন্য একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, যেকোনো বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করা গেলে সেটিই সবচেয়ে ভালো। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় দুই পক্ষের কথা শুনে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে। পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধের অবসান হওয়ায় আমরা সন্তুষ্ট।