সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর তিন মাস পর পুনরায় চালু ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল স্মৃ‌তিচারণ: জিয়া প‌রিবার নিজ চোখে দেখাটুকু জীবনেরই সঞ্চয় সীমান্তে গু/লিতে নি/হত বাংলাদেশির লা/শ হস্তান্তর করল বিএসএফ সংখ্যালঘুদের নিরাপদ ও তথ্যভিত্তিক নির্বাচনী অংশগ্রহণ জোরদারের দাবি রূপসার ৬০ বছরের পুরোনো গ্রামীণ সড়ক কেটে প্রতিবন্ধকতা, কমলগঞ্জে গ্রামবাসীর প্রতিবাদ সভা কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জে সড়কের সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারে বুধবার ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

আগামী ১৭ জুন মৌলভীবাজার জেলা সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সরকারের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালনকারী তারেক রহমান। সফরকালে তিনি শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এছাড়া জেলার শীর্ষ নেতাকর্মীদের অংশগ্রহণে শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৭ জুন সকাল ৯টায় তিনি রাজধানীর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ৯টায় সেখান থেকে আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল ১০টা ১৫ মিনিটে সিলেটে পৌঁছার পর সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ কর্মসূচির মাধ্যমে নিম্ন ও মধ্যআয়ের পরিবারের জন্য সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

অনুষ্ঠান শেষে দুপুর ২টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলার দ্বিতীয় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শ্রীমঙ্গলের পাঁচ তারকা মানের পর্যটনকেন্দ্র দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা-র উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে সংক্ষিপ্ত বিরতি শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন। সভায় জাতীয় রাজনীতি, সরকারের চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

রাজনৈতিক সভা শেষে বিকেল ৫টা ৪৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। রাত ৮টা ৩০ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাত ৯টা ২০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। সফরে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রয়োজনীয় নিরাপত্তা সদস্যরা সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এদিকে সফরকে ঘিরে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সফরস্থলগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবকাঠামোগত প্রস্তুতি এবং জনসমাগম ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলার রাজনৈতিক অঙ্গনেও সফরকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর জেলার গুরুত্বপূর্ণ এই সফর সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি সম্পৃক্ততা আরও বৃদ্ধি করবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর