বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মৌলভীবাজারে বজ্র/পাতে ১৪গরু ও মহিষের মৃ/ত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: / ৪৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে ১৪টি গরু ও একটি মহিষ মারা গেছে। বুধবার (৩ জুন) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আকস্মিক বজ্রপাতের সময় মাঠে চরতে থাকা চা শ্রমিক পরিবারের ১৪টি গরু ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় পৃথক আরেকটি বজ্রপাতের ঘটনায় একটি মহিষেরও মৃত্যু হয়।

হঠাৎ ঘটে যাওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নিহত গবাদিপশুগুলো ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ও জীবিকার গুরুত্বপূর্ণ অবলম্বন। এক মুহূর্তের মধ্যে এসব সম্পদ হারিয়ে পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, গবাদিপশু পালন করেই তারা পরিবার-পরিজনের ভরণ-পোষণ করতেন। বজ্রপাতে পশুগুলোর মৃত্যুতে তারা এখন নিঃস্ব হওয়ার উপক্রম হয়েছেন। দ্রুত সরকারি সহায়তা না পেলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলেও জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ভিত্তিতে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন। তারা বলেন, দরিদ্র ও খেটে খাওয়া এসব পরিবারের ক্ষতি পুষিয়ে নিতে দ্রুত আর্থিক সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুশফিকীন নূর জানান, ক্ষতিগ্রস্তদের নাম তালিকা সংগ্রহ করা হচ্ছে, প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে। তিনি বলেন, এভাবে একসাথে এতোটা গরু ও মহিষ মারা যাওয়াটা দু:খজনক।

ঘটনার খবর জানার পরপরই মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন আহমেদ মিঠুকে বিষয়টি অবহিত করা হয়। তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্ত চা শ্রমিক পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান।

সংসদ সদস্য বলেন, ‘বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমি অনুভব করি। তাদের এই দুর্দিনে আমরা পাশে আছি। ক্ষয়ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণে উদ্যোগ নেওয়া হবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর