রাজধানী ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬ এ বর্ণিল সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের ‘জুসা মার্শাল আর্ট’-এর দুই শিক্ষার্থী আয়াত রহমান ও আইরাহ রহমান।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনায় ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এই তিন দিনব্যাপী প্রতিযোগিতায় কারাতে কাতা ও কুমিতে – ফাইট বিভাগে অংশ নিয়ে তারা পদক অর্জন করে।
প্রতিযোগিতায় দুর্দান্ত পারফর্ম করে আয়াত রহমান কারাতে কাতা বিভাগে রৌপ্য পদক এবং কুমিতে – ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। অন্যদিকে, আইরাহ রহমান কারাতে কাতা বিভাগে স্বর্ণ পদক এবং কুমিতে – ফাইট বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করেন।

এবারের প্রতিযোগিতায় মৌলভীবাজারের জুসা মার্শাল আর্ট থেকে ১৭টি ইভেন্টে প্রতিযোগীরা অংশ নেয়। ক্লাবটির শিক্ষার্থীরা দারুণ লড়াই চালিয়ে সর্বমোট ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পদক অর্জন করে অঞ্চলের নাম উজ্জ্বল করেছে।
শিক্ষার্থীদের এমন অসাধারণ অর্জনে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে মৌলভীবাজার জুসা মার্শাল আর্ট-এর পরিচালক ও প্রধান প্রশিক্ষক মাসরুর খান বলেন, আমাদের শিক্ষার্থীদের এই সফলতা পুরো মৌলভীবাজারের জন্য অত্যন্ত গর্বের। আয়াত ও আইরাহ অত্যন্ত কঠোর পরিশ্রমী। তাদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণে উৎসাহিত করবে। সঠিক দিকনির্দেশনা পেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য নিয়ে আসবে বলে আমার বিশ্বাস।
আয়াত ও আইরাহর পিতা, শ্রীমঙ্গল উপজেলার ইস্পাহানি কোম্পানির জেরিন চা বাগানের সহকারী ব্যবস্থাপক মো. ওবায়দুর রহমান বলেন, সন্তানদের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। ছোটবেলা থেকেই তারা মার্শাল আর্টের প্রতি আগ্রহী ছিল। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও প্রশিক্ষকদের সহযোগিতার কারণেই তারা এই সাফল্য পেয়েছে। আমরা চাই, তারা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনুক।
শিক্ষার্থীদের মা, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা কানিজ ফাতেমা তুজ জোহরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আত্মরক্ষামূলক প্রশিক্ষণ শিশুদের আত্মবিশ্বাস বহু গুণে বাড়িয়ে দেয়। এ ধরনের অর্জন তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে।