মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার রেলওয়ে স্টেশন পার্কিং এলাকায় কমলগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এ জনসভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, দীর্ঘদিন ধরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। জনগণ আজ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। বিএনপি জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সেই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এ অঞ্চলের চা শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ ও ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে বিএনপি অতীতেও কাজ করেছে, ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।
নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
ধানের শীষ প্রতীককে গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক উল্লেখ করে হাজী মুজিব সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।
জনসভায় কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করা হয়।
