মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক ও কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলা। এতে বক্তব্য দেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি এম এ রকিব, বাংলানিউজ২৪ডটকমের সিলেট বিভাগীয় প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, কার্যকরী কমিটির সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, মামুন আহমেদ, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আব্দুর রব এবং ঝলক দত্তসহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, এহসান বিন মুজাহির দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছেন। সত্যের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই তার সাংবাদিকতার মূল শক্তি। পাশাপাশি তিনি একজন শিক্ষক হিসেবেও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
বক্তারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানান।
সভায় আরও বলা হয়, এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি এবং এতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
এ সময় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যরা আগামীকাল (সোমবার) বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।