হবিগঞ্জের বাহুবল উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা, বাসে থাকা প্রায় ৪০জন যাত্রী প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস দিগম্বর বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে অন্তত ১০ জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে বাসের গতি কম থাকায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি।