রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

কমলগঞ্জ( মৌলভীবাজার )প্রতিনিধি: / ৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চুরি ও গরুচোর আটকের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ করেছেন কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ।

রোববার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ ও প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে গুলজার আহমদ বলেন, সম্প্রতি কমলগঞ্জ উপজেলার সুনছড়া এলাকা থেকে যোগীবিল এলাকার এক ব্যক্তিকে গরু চুরির অভিযোগে পুলিশ আটক করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তবে ওই ব্যক্তির কাছ থেকে কমলগঞ্জ থানা পুলিশ তাঁর বাড়ি থেকে কোনো চোরাই গরু উদ্ধারের তথ্য বা প্রমাণ প্রকাশ করেনি।

তিনি অভিযোগ করেন, এ ঘটনাকে কেন্দ্র করে হাজীপুর ইউনিয়নের একটি কুচক্রী মহল পারিবারিক শত্রুতার জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কয়েকটি আইডি ও ফেসবুকের কথিত ফেক আইডি থেকে প্রকৃত তথ্য যাচাই না করেই ‘আমার বাড়ি থেকে চোরাই গরু উদ্ধার হয়েছে’—এমন শিরোনামে পোস্ট করা হচ্ছে। এতে তাঁর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন ও মানহানি হচ্ছে বলে দাবি করেন তিনি।

গুলজার আহমদ আরও বলেন, প্রায় ১০ বছর ধরে দুই মেয়াদে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে তিনি সুনাম ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব মানহানিকর ও মিথ্যা পোস্ট দেওয়া হয়েছে, সেগুলো দ্রুত প্রত্যাহার না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দীন বলেন, গরু চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁর রিমান্ডও চাওয়া হয়েছে। তবে কুলাউড়ার হাজীপুরের ইউপি সদস্য গুলজার আহমদের বাড়ি থেকে চোরাই গরু উদ্ধারের কোনো তথ্য থানায় নেই।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর