বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক / ৬৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌরশহরের স্টেশন চৌমুহনী এলাকায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানারসহ এ মানববন্ধনে অংশ নেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশে উন্নীতকরণ; চিকিৎসা ভাতা ১৫০০ টাকা নির্ধারণ ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, এম এ গণি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ এন এম আলম, শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, মহতোছিন আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, রবিরবাজার দারুছুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার, সাইফুল-তাহমিনা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুর রহমান, বরমচাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসি আক্তার, ছকাপন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক বেলাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষক বাঁচলে দেশ বাঁচবে, শিক্ষক থাকলে প্রতিষ্ঠান থাকবে। জাতি গড়ার কারিগরদের অবহেলা করলে শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে পড়বে। তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক ৫ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বক্তারা আরও বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আজ তাদের ন্যায্য প্রাপ্য আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছেন। সরকারের উচিত শিক্ষকদের সম্মান রক্ষা করে দ্রুত প্রজ্ঞাপন জারি করা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর