মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পৌর এলাকার বড়গাছ রেললাইন সংলগ্ন অস্থায়ী মাঠে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় বড়গাছ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
কানাডা প্রবাসী রুমেল আহমেদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টের লক্ষ্য ছিল যুবসমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

আয়োজকরা জানান, বড়গাছ গ্রামের যুবকদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে গ্রামটিকে চারটি ভাগে বিভক্ত করে চারটি দল গঠন করা হয় এবং তাদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্রীড়াবিদ শাহিনুর রহমান দিপু বক্তব্যে বলেন, “যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।