সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘দেশের নেতৃত্বে, জনগণের শক্তিতে, আমরাই পারবো যক্ষ্মা নির্মূল করতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)-এর অর্থায়নে সীমান্তিক কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দিরাই উপজেলা সুপারভাইজার মো. শামসুর রাজা চৌধুরী। এতে কমিউনিটি মোবিলাইজার বসনা রায় এবং গোল্ড স্টার মেম্বার সুমী সুত্রধর যক্ষ্মার লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, যক্ষ্মা রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। সঠিক নিয়মে এবং নির্ধারিত সময় অনুযায়ী ওষুধ সেবন করলে আক্রান্ত ব্যক্তিরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। পাশাপাশি, রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।