মৌলভীবাজারের কমলগঞ্জে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পরিচিতি সভা, সাংবাদিক সম্মাননা প্রদান এবং দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কমলগঞ্জ উপজেলা বিআরডিবি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সভাপতিত্বে এবং সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এবং উপজেলা ইউসিসিএ লি. সভাপতি মো. ছরওয়ার শোকরানা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কমলগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় পিন্টু দেবনাথকে কমলগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, আসহাবুজ্জামান শাওনকে সভাপতি, আহমেদুজ্জামান আলমকে সাধারণ সম্পাদক ও পারভেজ আহমদকে যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধনা জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। কমলগঞ্জের উন্নয়ন, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে রিপোর্টার্স ইউনিটি বলিষ্ঠ ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সংগঠনটি উপজেলার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সাংবাদিক ও সমাজের প্রতিনিধিদের সঙ্গে ইফতার করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।