আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) সংসদীয় আসনে নির্বাচনী তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বিজয়ের লক্ষ্যে মাঠপর্যায়ের কার্যক্রম গুছিয়ে আনতে শুরু করেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর নিজ বাসভবনে নির্বাচনী কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং নির্বাচনী কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এই কঠিন লড়াইয়ে মৌলভীবাজার-৪ আসনে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পবিত্র দায়িত্ব। সাধারণ মানুষের ভোটাধিকার ও অধিকার আদায়ের লক্ষ্যে ধানের শীষের কোনো বিকল্প নেই।” বক্তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ স্থাপন এবং মাঠপর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) উপস্থিত সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মাটি ও মানুষের কল্যাণে তিনি সর্বদা নিবেদিত। তিনি বিশ্বাস করেন, দলীয় নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে নির্বাচনী প্রচারণা আরও বেগবান করার জন্য উদাত্ত আহ্বান জানান।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন এবং আগামী দিনের নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় শপথ গ্রহণ করেন। সভার পর পরই আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী শমসেরনগর ইউনিয়ন এবং পতনউষার ইউনিয়নে নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।