বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ঢাকার বিটিআরসি ভবনে হামলা: সিলেটে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার শুভ

অনলাইন ডেস্ক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলার ঘটনায় সিলেট থেকে শুভ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

রবিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত পৌণে ২টার দিকে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানা পয়েন্ট সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের পুরো নাম মো. ইফ্ফাদ জামান শুভ।

তিনি সিলেট নগরীর মিরাবাজার এলাকার বাসিন্দা এবং মৃত নুরুজ্জামানের ছেলে।

র‍্যাব জানায়, বিভিন্ন দাবিদাওয়া আদায়ে আন্দোলনের অংশ হিসেবে গত ১ জানুয়ারি বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকার শেরেবাংলানগর থানাধীন আগারগাঁও এলাকায় অবস্থিত বিটিআরসি ভবনে হামলা চালায় একদল আন্দোলনকারী। হামলার এক পর্যায়ে ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়, এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় শেরেবাংলানগর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬শ’ জনকে আসামি করা হয়। এরপর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং এরই ধারাবাহিকতায় সিলেট থেকে শুভকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর