সিলেটের শাহপরাণ আবাসিক এলাকায় ছেলের হাতে মা খুনের ঘটনায় এখনো ধরা পড়েনি বদরুল। তবে তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকাণ্ডের শিকার রহিমা বেগমের অপর ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করা হয়েছে বদরুল ইসলামকে (৪২)।
এর আগে রবিবার দিবাগত রাতের কোনো এক সময় বদরুল তার মা রহিমা বেগমকে (৭০) ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান বলে জানান তার স্বজনরা। তিনি ইমামতি পেশায় নিযুক্ত ছিলেন। তবে ৪ মাস আগে চাকরিচ্যুত হন।
ঘটনার দিন বদরুলের পিতা ছিলেন তাবলিগের চিল্লায়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে ঘুম থেকে উঠে তার ভাবী দেখেন বাইরে থেকে দরোজা বন্ধ। তিনি অপেক্ষা করে ডাকাডাকি চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীরা দরোজা খুলে দেন।
এরপর সবাই দেখেন, রক্তাক্ত অবস্থায় রহিমা বেগমের লাশ পড়ে আছে। পরে ৯৯৯- এ কল দিলে পুলিশ বাসায় পৌঁছে আলামত সংগ্রহ, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়না তদন্তের জন্য ওসমানীর মর্গে পাঠায়।
শাহপরান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মনির হোসেন বলেন, আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীকে ধরতে অভিযান চলছে।