শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নানা আয়োজনে মণিপুরীদের নববর্ষ ‘শজিবু চৈরাউবা’ উদ্বোধন

সালাহউদ্দিন শুভ / ৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নববর্ষ উৎসব ‘শজিবু চৈরাউবা’ ৩৪২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমেরজান গ্রামের মাঠে জাতীয় পতাকা ও মণিপুরীদের নিজস্ব পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্র।

উদ্বোধনের পর তাঁর নেতৃত্বে ঐতিহ্যবাহী পোশাক ও উপকরণে সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উৎসবস্থলে এসে শেষ হয়।

দিনব্যাপী আয়োজনে রয়েছে শারোই খাঙবা, কড়ি খেলা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, থাবল চোংবা নৃত্য এবং নৈশভোজসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম।

সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের।

উদযাপন কমিটির আহ্বায়ক অবুজম মনিভদ্রের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল, মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ ও মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমেদ প্রমুখ।

ঐতিহাসিক তথ্যমতে, মণিপুরীদের নিজস্ব একটি বর্ষগণনারীতি রয়েছে, যা ‘মালিয়াকুম’ নামে পরিচিত। এই চান্দ্রবর্ষ অনুযায়ী আজ ১৯ মার্চ থেকে ৩৪২৪তম বর্ষের সূচনা হলো।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর