মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর একমাত্র পুত্র ও বিশিষ্ট তরুণ সমাজসেবক মুঈদ আশিক চিশতী মঙ্গলবার বিকেলে কমলগঞ্জ পৌরসভার ভানুগাছ রেলওয়ে স্টেশন, ভানুগাছ বাজার ও পৌর চৌমুহনী এলাকায় শতাধিক পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ঘুরে তরুণদের মাঝে জার্সি বিতরণ করেন এবং তাদের সৃজনশীল কর্মকাণ্ড ও খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান।

রমজানের পবিত্রতা ও সংযমের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ইফতার পেয়ে অনেক পথচারী সন্তোষ প্রকাশ করেন।
মুঈদ আশিক চিশতী বলেন, ‘রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত ও পথচারীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।’

ভানুগাছ রেলওয়ে স্টেশনে ইফতার গ্রহণকারী এক পথচারী আব্দুল কাদির বলেন, ‘রোজার দিনে বাইরে থাকলে সময়মতো ইফতার পাওয়া কষ্টকর হয়। আজ হঠাৎ এমন উদ্যোগে আমরা খুবই উপকৃত হলাম। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।’
ভানুগাছ বাজারের এক ক্ষুদ্র ব্যবসায়ী মো. রহিম উদ্দিন বলেন, ‘তরুণ প্রজন্ম যদি এভাবে সমাজের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। শুধু রাজনীতি নয়, মানবিক কাজের মাধ্যমেও মানুষের হৃদয় জয় করা যায়।’

পৌর এলাকার শিক্ষার্থী লিটন পাল জানান, ‘জার্সি পেয়ে আমরা খুব খুশি। ভাই আমাদের খেলাধুলা ও ভালো কাজে মনোযোগী হতে বলেছেন। এতে আমরা অনুপ্রাণিত হয়েছি।’
ইফতার ও জার্সি বিতরণকালে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মোহাম্মদ মুন্না চৌধুরী, সাংবাদিক সোলেমান আহমেদ মানিক, কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল আহমেদ জুলি, শ্রীমঙ্গল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহান আহমেদ জয়নালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তরুণ সমাজকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে ভূমিকা রাখবে।