স্মৃতিচারণ, আড্ডা আর আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বনগাঁও আহমদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আহমেদ ইকবাল উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে মহাআড়ম্বরে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সকালে উৎসবমুখর পরিবেশে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফাতেমা নাহার চৌধুরী।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র ও বর্তমানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের পরিচালক দেবানন্দ সিংহ। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিদ্যালয়ের ভূমিদাতা সদস্য সাব্বিরুল হক তালুকদার শামীম এবং প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্মৃতিচারণ পর্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুলজীবনের অম্লান স্মৃতিগুলো তুলে ধরেন। অনুষ্ঠানের শেষ ভাগে প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রাজন আবেদীনের পরিচালনায় একটি আকর্ষণীয় রাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দীর্ঘ ৩০ বছর পর পুরনো সহপাঠীদের কাছে পেয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ এক আবেগঘন ও উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।