সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

‘বেহেশত-দোজখের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার কথা বলে অন্য দল শিরক করছে’: মৌলভীবাজারে তারেক রহমান

সালাহউদ্দিন শুভ / ৪৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বেহেশত ও দোজখের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। যে জিনিসের মালিক আল্লাহ, তা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। অথচ নির্বাচনের আগে একটি দল মানুষকে বেহেশতের টিকিট দেওয়ার কথা বলে প্রতারণা ও শিরক করছে। নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার আইনপুর মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।

বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “গত ১৬ বছরে উন্নয়নের নাম করে দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। যারা পালিয়ে গিয়েছে, তারা মানুষের বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। গুম-খুনের মামলা দিয়ে নেতা-কর্মীদের জীবন জর্জরিত করা হয়েছিল।”

নারীদের ক্ষমতায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “বিএনপি অতীতেও নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিল। আগামীতে আমরা ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চাই।

এ ছাড়া দক্ষ জনশক্তি গড়তে বিদেশে গমনেচ্ছুদের প্রশিক্ষণের বিশেষ সুযোগ তৈরি করা হবে।”

গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, “১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ জয়ী হলে স্বৈরাচারমুক্ত দেশে প্রকৃত গণতন্ত্রের যাত্রা শুরু হবে। দেশের মানুষের অধিকার রক্ষায় ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিকami সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান এবং জেলা যুবদলের সভাপতি মো. জাকির হোসেন উজ্জ্বলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যের শুরুতেই তারেক রহমান মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের মঞ্চে উপস্থিত করিয়ে স্থানীয় জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

এর আগে সিলেটে প্রথম জনসভা শেষ করে মৌলভীবাজারে পৌঁছালে তাঁকে বিশাল মোটরশোভাযাত্রা ও স্লোগানে স্বাগত জানান নেতা-কর্মীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর