
বন্ধুত্বের টানে হাজার মাইল পাড়ি দিয়ে কাতার থেকে বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখায় এসেছেন কাতারের এক নাগরিক। বন্ধুর বিয়েতে অংশ নিতে তার এ আগমন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ তৈরি হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) পাশ্ববর্তী জুড়ী উপজেলার চম্পকলতা গ্রামে শিপন আহমদ খানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ বিয়েতে কাতারি বন্ধু বদর হোমউদ জে এফ আল রেওয়াইলির উপস্থিতি বিয়ের আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করে।
বন্ধুর জীবনের বিশেষ মুহূর্তে তার এমন উপস্থিতি দুই দেশের নাগরিকের মধ্যকার আন্তরিক বন্ধুত্বের এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে ওঠে।
কাতারের নাগরিক বদর হোমউদ জে এফ আল রেওয়াইলি ও বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ঘোলষা গ্রামের বাসিন্দা শিপন আহমদ খান দীর্ঘদিন ধরে কাতারে বসবাস করছেন। প্রবাসে থাকাকালে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই বন্ধুত্বের টানেই শিপন আহমদ খানের বিয়েতে অংশ নিতে কাতার থেকে বাংলাদেশে আসেন বদর। শিপন আহমদ খান ওই গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে।
সাধারণত প্রবাসজীবনে বিভিন্ন দেশের মানুষের মধ্যে পরিচয় ও বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সেই বন্ধুত্বের টানে বন্ধুর বিয়েতে যোগ দিতে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসার ঘটনা ব্যতিক্রম।
বন্ধুর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসার বিষয়ে বদর হোমউদ জে এফ আল রেওয়াইলি বলেন, ‘বন্ধুর বিয়েতে এসেছি। এখানকার বিয়ের সংস্কৃতি বেশ চমৎকার। বন্ধুর দেশে এসে ভালো লেগেছে। সিলেটের বিভিন্ন জায়গা ঘুরেছি, খুব ভালো লেগেছে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।