
সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ৬ সেপ্টেম্বর থেকে তিনি নিজ কর্মস্থলে উপস্থিত নেই। এ ঘটনায় বৈদেশিক ডাকঘরের গ্রাহকসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিযোগ।
জানা গেছে, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের কার্যালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম গত ৬ সেপ্টেম্বর থেকে মৌলভীবাজার, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও হবিগঞ্জের বিভিন্ন ডাকঘর পরিদর্শনে রয়েছেন। তিনি মৌলভীবাজার সার্কিট হাউজে অবস্থান করছেন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ডাকঘরগুলো পরিদর্শন শেষে আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে।
অভিযোগ উঠেছে, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সংশ্লিষ্ট কোনো কর্মকর্তাকে সফরসঙ্গী না করে সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীকে সফরসঙ্গী করা হয়েছে। ফলে তার নিজ কর্মস্থলে অনুপস্থিতির কারণে ডাকঘরের গ্রাহকসেবায় বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা ডাকঘরে তন্ময় দে চৌধুরীর সঙ্গে কথা হলে তিনি বলেন, পোস্টমাস্টার জেনারেল, পূর্বাঞ্চল, চট্টগ্রামের কার্যালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম তাকে পছন্দ করেন বলেই সফরসঙ্গী হিসেবে সঙ্গে নিয়েছেন।
কথোপকথনের একপর্যায়ে তিনি আরও বলেন, তিনি এর আগে দুইবার হবিগঞ্জ ও মৌলভীবাজারে চাকরি করেছেন। বর্তমানে হৃদ্যন্ত্রের সমস্যার কারণে তিনি তার পুরোনো কর্মস্থল মৌলভীবাজারে বদলি হয়ে আসার চেষ্টা করছেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে বদলির ব্যবস্থা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ডাক বিভাগের লোকবল সংকটের কথা তুলে তন্ময় দে চৌধুরী মৌলভীবাজারে বদলির চেষ্টা চালিয়ে গেলেও সেখানে কিংবা হবিগঞ্জে তার জন্য নির্ধারিত কোনো পদ নেই।
এদিকে, হবিগঞ্জে কর্মরত থাকাকালে তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টিও আলোচনায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এসব অভিযোগের কিছু বিষয় দুর্নীতি দমন কমিশন (দুদক) খতিয়ে দেখছে এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।