
সাংবাদিকতা শুধু তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সত্য, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই এ পেশার মূল চ্যালেঞ্জ। দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের এই সময়ে পেশাগত দক্ষতা ও সাংবাদিকতার মৌলিক নীতিমালা আরও শক্তিশালী করতে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে মৌলভীবাজার জেলা পরিষদের কনফারেন্স রুমে ক্যাম্পেইন ফর মিডিয়া ফ্রীডম (সিএমএফ) আয়োজিত এ কর্মশালায় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পাশাপাশি সংবাদকর্মী হতে আগ্রহী তরুণরা অংশ নেন।কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক প্রতিনিধি আকবর হোসেন। দিনব্যাপী প্রশিক্ষণে সংবাদ সংগ্রহের প্রক্রিয়া, তথ্য যাচাই, সংবাদ লেখার কৌশল, প্রতিবেদনের কাঠামো, পেশাগত আচরণ এবং সাংবাদিকতার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজক ও অংশগ্রহণকারীদের মতে, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের সময় তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং ভারসাম্যপূর্ণভাবে সংবাদ উপস্থাপন সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতা ধরে রাখার অন্যতম শর্ত। প্রশিক্ষণে এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে আলোচনা করা হয়।সিএমএফের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় আলোচক হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, দৈনিক মানবজমিনের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান, যুক্তরাজ্যভিত্তিক ইংরেজি দৈনিক দ্য ড্যাজলিং ডনের সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, সিএমএফের সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরী সুমন এবং সংগঠনটির সাবেক সহসভাপতি আশরাফ আলী।
আলোচনায় সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্বশীল সংবাদ পরিবেশন, সংবাদ সংগ্রহে পেশাদারিত্ব এবং পরিবর্তিত গণমাধ্যম বাস্তবতায় একজন সংবাদকর্মীর করণীয় নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে তরুণদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে অনুসন্ধানী মনোভাব, তথ্য যাচাইয়ের সক্ষমতা ও লেখার দক্ষতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান। এ সময় কর্মশালায় উপস্থিত অতিথিরাও অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
আয়োজকরা জানান, ‘সাংবাদিকতার মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এগিয়ে নিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।’মৌলভীবাজারের গণমাধ্যম অঙ্গনে এমন প্রশিক্ষণ কর্মশালা শুধু কর্মরত সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর ক্ষেত্রেই নয়, সাংবাদিকতা পেশায় আগ্রহী তরুণদের জন্যও নতুন সম্ভাবনার দুয়ার খুলবে-এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।