
সিলেটের কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার সিলেট বিভাগীয় ইনচার্জ কবির আহমদের ওপর হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার টুকেরবাজার পয়েন্টে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, পেশাদার একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। দেড় বছর আগে সাদাপাথর লুটপাটের ঘটনায় সংবাদ প্রকাশের জেরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা এবং মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকরা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেন। তাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় ন। সাংবাদিক কবির আহমদের ওপর হামলার ঘটনায় ৯ আগস্ট মামলা হলেও ৫ দিনেও কোন আসামী গ্রেপ্তার না হওয়া উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুর রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুক রানা, কওমী ইসলামি সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মাহদি হাসান জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ আলীসহ বক্তব্য দেন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব।
উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক তারিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মাসুক রানা, নির্বাহী সদস্য ইফতেখার মাহমুদ পাভেল, তাজুল ইসলাম, সাহিত্য সংসদের সভাপতি মো. মানিক মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান রুবেল, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, সমাজসেবক মাস্টার রাসেল আহমেদ, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমদ প্রমুখ।

মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এ ঘটনায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও বিস্মিত। যাঁরা সাংবাদিক কবির আহমদসহ পর্যটকদের ওপর হামলা চালিয়েছে তারা সাদাপাথর ও বাংকার লুটপাটে জড়িত চিহ্নিত চাঁদাবাজ।অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করুন। অন্যথায় কঠোর কর্মসূচি পালন করা হবে।
উল্লেখ্য, গত ৭ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ভোলাগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে সাড়ে ৬টার দিকে একটি হাইয়েস মাইক্রোবাসে করে সিলেট শহরের উদ্দেশে রওনা হন কবির। গাড়িতে তাঁর সঙ্গে গাজীপুর থেকে আসা গণমাধ্যমকর্মী ও কয়েকজন পর্যটক ছিলেন। ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে পেছন থেকে একটি প্রাইভেট কার তাঁদের গাড়িতে ধাক্কা দেয়।
এরপর গাড়ি থেকে নামার পরপরই সাংবাদিক কবির আহমদের ওপর হামলা চালানো হয়। প্রায় দেড় বছর আগে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লোহার রেঞ্চ, দা ও পাইপ দিয়ে তাঁকে আঘাত করা হয়। এতে তাঁর বুক, নাক ও মুখে গুরুতর জখম হয়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। একপর্যায়ে তাঁর ব্যবহৃত ভিডিও ক্যামেরা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ্য করা হয়।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।