
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “নবারুণ সংঘ”-এর পক্ষ থেকে মৌলভীবাজার-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী, এমপি-কে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ ও সম্মাননা অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত শিক্ষক নবকুমার সিংহ এমপির হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন নবারুণ সংঘের নবগঠিত কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক সত্যেন্দ্র কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক সুজন কান্তি সিংহসহ সংঘের সর্বস্তরের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, নবারুণ সংঘ ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তিলকপুর ও আশপাশের এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা-পরবর্তী স্বনির্ভর বাংলাদেশ গড়ার অভিযানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সংগঠনটি এলাকার পুকুর পরিষ্কার করে ব্যবহার উপযোগী করা, গ্রামীণ সড়কের ছোটখাটো মেরামতসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে। এছাড়া তিলকপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায়ও সংঘের সদস্যদের ঐকান্তিক অবদান রয়েছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ২০০৮ সাল থেকে এলাকার একটি ভূমিলোভী মহলের নানা অপচেষ্টার কারণে নবারুণ সংঘের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে থাকে। একপর্যায়ে সংঘের অফিসঘর উচ্ছেদ, আসবাবপত্র নষ্টসহ বিভিন্নভাবে সংগঠনের ক্ষতিসাধন করা হয়। তবে এসব প্রতিকূলতার মধ্যেও এলাকার সচেতন মানুষ সংগঠনটির কার্যক্রম পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা অব্যাহত রাখেন।
এরই ধারাবাহিকতায় সংঘকে পুনরায় সক্রিয় ও শক্তিশালী করতে এবং দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে সহযোগিতা কামনা করে গত ২৫ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তাঁরা সংঘের অতীত ঐতিহ্য, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সার্বিক সহযোগিতা কামনা করেন। সংসদ সদস্য সংগঠনের ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন এবং এলাকার উন্নয়ন ও ঐতিহ্যবাহী সংগঠনটির কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।