
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের বন্যাকবলিত গুলের হাওর, মোকাবিল, নোয়াগাঁও ও কুরমা উরিষাপাড়া এলাকায় অসহায় ও ক্ষতিগ্রস্ত ১০৫টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রুহি ফাউন্ডেশন। মানবিক এই সহায়তা প্রদান করা হয় সংগঠনের উপদেষ্টা ও লন্ডনপ্রবাসী সমাজসেবক ড. হাজ্বী শাহ্ আলম-এর পক্ষ থেকে।
ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, গুড়, কলা এবং অন্যান্য জরুরি খাদ্যসামগ্রী। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহি ফাউন্ডেশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সৌরভ বীন, সাধারণ সম্পাদক লিটন গঞ্জু, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রিপন মৃর্ধা, সহ-সভাপতি সুমন রবিদাশ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক কার্তিক রিকিয়াসন, সহ-অর্থ সম্পাদক কৃষ্ণ গোয়ালা, কুরমা চা বাগান শাখার সভাপতি আলম আহমেদ, গুলের হাওরের সমাজকর্মী কামরুজ্জামানসহ রুহি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যায় অনেক পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। এমন সময়ে সমাজের বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।

লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলমের পক্ষ থেকে জানানো হয়, মানবসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভবিষ্যতেও বন্যা, প্রাকৃতিক দুর্যোগ এবং অসহায় মানুষের পাশে রুহি ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। সংগঠনটি শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে রুহি ফাউন্ডেশন এবং ড. হাজ্বী শাহ্ আলমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।