
জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের নারী শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী প্রচারণাকালে হবিগঞ্জে দেওয়া ঘোষণার ধারাবাহিকতায় বুধবার এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নারী-পুরুষ সবাইকে সমানভাবে এগিয়ে নিতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেই সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলাম। সরকার গঠনের এক মাসের মধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তনেই এই সরকারের মূল লক্ষ্য।’
সরকারের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষার্থীদের খেলাধুলা ও চিকিৎসাসহ নানা খাতে বরাদ্দ রাখা হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণকে প্রাধান্য দিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, ‘কেউ কেউ এই বাজেটকে ‘চানাচুরের বাজেট’ বলে সমালোচনা করছেন। অথচ যে বাজেট মানুষের জীবনমান উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে, তাকে গণবিরোধী বলা যায় না। যে বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই বাজেটের বিরোধিতা করে কেউ জনগণের বন্ধু দাবি করতে পারে না।’
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তিই দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে পারবে না। অতীতে কারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বারবার বাধাগ্রস্ত করেছে, তা জনগণ জানে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ‘সরকারের কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।