
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেল তিনটার দিকে উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের হেলাল মিয়ার ছেলে এনামুল মিয়া (২৫) এবং তারবন্ধু সিয়াম (১৮)। তাঁদের মধ্যে এনামুলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।

জানা যায়, ঢাকাগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের বগির মাঝামাঝি অংশে অবস্থানকালে এনামুল ও সিয়াম চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। এতে তাঁদের মুখ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত দুই যুবককে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এ ছাড়া মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে কয়েকটি দাঁতও ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাঁদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর ইউনিয়নের উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজসংলগ্ন রেলগেটের গেটম্যান মো. আলতাফ আলী বলেন, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে দুই যুবককে ২৮৬/৪-৫ নম্বর রেলপিলারের কাছে পড়ে থাকতে দেখে তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের বগির মাঝখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো গাছের ডাল বা অন্য কিছুর সঙ্গে ধাক্কা লেগে তাঁরা নিচে পড়ে যান।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহত সিয়াম নামের যুবক গতকাল বিকেলে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।