
মৌলভীবাজার সদরের সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় আন্ত জেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণের চেইনও উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন সিলেটের দক্ষিণ সুরমা থানার পূর্ব ছিরামপুর এলাকার জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর (৪২) এবং একই থানার চান্দাই এলাকার আকমল হোসেন (৩৯)।
পুলিশ জানায়, গত ১৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে ভুক্তভোগী নারী সন্তানসহ অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোডের কালী মন্দিরসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি লাল রঙের মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে।
পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগীর গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা।
ঘটনার পর মৌলভীবাজার সদর মডেল থানার একটি বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে সিলেট জেলা ও মহানগর এলাকায় টানা তিন দিন অভিযান চালানো হয়।
এরই মাঝে গত ২১ মে সিলেট মহানগরীর শাহপরাণ থানার কুশিঘাট এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আম্বরখানা বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে আকমল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী শিববাড়ী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
তদন্তে জানা যায়, আন্ত জেলা এই ছিনতাইকারী চক্রটি মোটরসাইকেলযোগে সিলেট মহানগর এলাকা থেকে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে গিয়ে নারীদের অনুসরণ করত। নির্জন স্থান বুঝে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে পালিয়ে যেত।
মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, বড়লেখা ও কুলাউড়া এলাকায় এ চক্রের সক্রিয়তা ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া গত বছরের ১০ জুন মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় সংঘটিত অনুরূপ একটি ছিনতাই মামলার সঙ্গেও একই চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা।
পুলিশ জানায়, অভিযুক্ত জাহাঙ্গীর আলম ওরফে মরা জাহাঙ্গীর পূর্বে সিলেট বিভাগের বিভিন্ন থানায় দায়ের হওয়া ডাকাতি, অস্ত্র, দ্রুত বিচার ও দস্যুতা মামলায় ১৫ বছরের বেশি সময় কারাভোগ করেছেন।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরর তত্ত্বাবধানে এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামর নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়। ছিনতাইকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।