
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার সন্ধ্যার পর টানা প্রায় ১৫ ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল পুরো এলাকা। ঝড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনো অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা সম্ভব হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় বয়ে যাওয়া শক্তিশালী কালবৈশাখী ঝড়ে পৌরসভা, শমসেরনগর, মুন্সীবাজার, আলীনগর, পতনউষারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সময় পৌরসভার কলেজ রোডে পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিসের অভিযোগ কেন্দ্রে একটি বিশাল চামগাছ উপড়ে পড়ে। এতে ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায় এবং একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
গাছটি অফিসের সামনে থাকা তিনটি মোটরসাইকেল এবং অফিসের গুরুত্বপূর্ণ সরঞ্জামের ওপর পড়ে সেগুলো ক্ষতিগ্রস্ত করে। সোমবার দুপুরে গাছটি অপসারণ করা হলেও বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার সম্ভব হয়নি। ফলে শমসেরনগর, পতনউষার, মুন্সীবাজার ও আলীনগরসহ বিস্তীর্ণ এলাকায় এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
এদিকে ঝড়ে আদমপুর, ইসলামপুর ও আলীনগরসহ বিভিন্ন গ্রামে শতাধিক গাছ উপড়ে পড়ে। প্রায় ১৭টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে এবং অন্তত ১৫০টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে। এছাড়া প্রায় ৬০টি বিদ্যুৎ মিটার নষ্ট হয়েছে।
কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক জানান, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগে সমস্যা হচ্ছে। প্রাথমিকভাবে ৫৫টি ঘর আংশিক বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’
পল্লী বিদ্যুত সমিতির কমলগঞ্জ জোনাল অফিস সূত্রে জানা গেছে, ঝড়ে বিভিন্ন এলাকায় গাছ পড়ে বিদ্যুতের লাইন ও খুঁটি উপড়ে গেছে। বৈরী আবহাওয়ার কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সময় লাগতে পারে।
জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার ঘোষ বলেন, ‘ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত ১৭টি খুঁটি ভেঙে গেছে। আমরা দ্রুত মেরামতের কাজ চালিয়ে যাচ্ছি, যাতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়।’
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।