
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এরপর জেলা পুলিশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।

পর্যায়ক্রমে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী ও সদর উপজেলায়ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাত ফেরি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সরজমিনে দেখা যায়, একুশের প্রথম প্রহরেই জেলা ও বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনার ও কমলগহ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরি নিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সম্পাদক ও প্রকাশক : সালাহ্উদ্দিন শুভ ,মোবাইল : 01710668127 ইমেইল : protidinermoulvibazar@gmail.com
© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রতিদিনের মৌলভীবাজার | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।