মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের গুহরোড এলাকায় এক কলেজ শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার পেছনের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ভুক্তভোগী সুদর্শন শীল শ্রীমঙ্গল সরকারি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করছেন।

গৃহকর্তা সুদর্শন শীল জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে তিনি সপরিবারে কুলাউড়ায় শ্বশুরবাড়িতে যান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন সদর দরজা ঠিক থাকলেও ভেতরের আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে তিনি দেখেন, ঘরের পেছনের গ্রিল কাটা এবং আলমারি ও ওয়ারড্রবের তালা ভাঙা।
ক্ষতিগ্রস্ত শিক্ষক আরও জানান, ওয়ারড্রবে রাখা নগদ ২ লাখ টাকা এবং আলমারি ও ওয়ারড্রবে সংরক্ষিত তাদের বিয়ের প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে চোরচক্র। তার ধারণা, বুধবার বা বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে। সন্দেহভাজন হিসেবে তিনি জানান, গত কয়েকদিন ধরে দুজন রিকশাচালক তার বাসার সামনে এসে টাকা-পয়সা চাইতেন; তাদের গতিবিধি ছিল রহস্যজনক। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তদন্তকারী কর্মকর্তা এসআই সজীব চৌধুরী জানান, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’